মোঃ সোহানুর রহমান
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের আবিদ্ধপাড়া থেকে পারসিমুলিয়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক পাকাকরণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার, ড্রেজার মেশিনে কাদামিশ্রিত ভরাট মাটি প্রয়োগ এবং নির্মাণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে মেসার্স জুবায়ের ইলেকট্রনিক্স অ্যান্ড সাপ্লায়ার।
সরেজমিনে দেখা যায়, প্রকৌশলগত নিয়ম অনুযায়ী বক্স কাটিং, কম্পেকশন ও রোলিং সম্পন্ন না করেই পাশের ফসলি জমি থেকে ড্রেজার মেশিনে কাদাযুক্ত মাটি ও বালু এনে ভরাট করা হচ্ছে। পরে সেই স্তরের ওপর সাববেজ নির্মাণের কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, সাববেজেও নির্ধারিত মানের বালি ও ইটের খোয়া ব্যবহার করা হয়নি।
এলাকাবাসীর দাবি, সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ এই সড়কে নিম্নমানের উপকরণ ব্যবহার করায় নির্মাণ শেষ হওয়ার আগেই এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, বর্ষা মৌসুমেই সড়কটি ক্ষতিগ্রস্ত হতে পারে। অনিয়মের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জুবায়ের ইলেকট্রনিক্স অ্যান্ড সাপ্লায়ারের স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম বলেন, "বর্তমানে কোথাও ভালো বালি পাওয়া যাচ্ছে না। তাই ড্রেজার মেশিন বসিয়ে ভরাট দেওয়া হয়েছে। তবে ইট ও বালির মান ভালো।"
তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মান্দা উপজেলা শাখার উপ-সহকারী প্রকৌশলী আব্দুল লতিফের বক্তব্য। তিনি বলেন, "বালি না পাওয়ায় ড্রেজার বসিয়ে ভরাট দেওয়া হয়েছে। বালি ও কম্প্রেশন ঠিক আছে, কোনো সমস্যা নেই। রোলারের প্রয়োজন হয়নি, তাই রোলার করা হয়নি।"
উপ-সহকারী প্রকৌশলীর এই মন্তব্যে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, প্রকৌশলগত নিয়মে যেখানে কম্পেকশন ও রোলিং গুরুত্বপূর্ণ ধাপ, সেখানে "রোলারের প্রয়োজন হয়নি"—এমন বক্তব্য কীভাবে দেওয়া হলো?
অন্যদিকে এলজিইডি মান্দা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের বলেন, "বিষয়টি আমার জানা ছিল না। আপনাদের মাধ্যমে জানলাম। এ ধরনের কাজ করার কোনো সুযোগ নেই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয়দের দাবি, তদন্তের মাধ্যমে প্রকৃত অনিয়ম উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নিম্নমানের নির্মাণকাজ বন্ধ করে প্রকৌশলগত মান নিশ্চিত করা হোক।