মোঃ সোহানুর রহমান
নওগাঁ (মান্দা) প্রতিনিধি:
নওগাঁ সদর থানার কালিতলা ফাঁড়ি পুলিশের অভিযানে এক দুর্ধর্ষ চোরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া প্রায় ৪ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন ২০২৬ তারিখে নওগাঁ সদর উপজেলার কালিতলা এলাকার বাসিন্দা মো. আব্দুল হাকিম নওগাঁ সদর থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সেদিন সকাল ১০টার দিকে তার নিজ বাসভবনের দ্বিতীয় তলার একটি কক্ষের তালা ভেঙে অজ্ঞাতনামা চোর বা চোরেরা ঘরে প্রবেশ করে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশনায় কালিতলা ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুজনের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়।
পরবর্তীতে শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে নওগাঁ শহরের চকমোক্তার মাস্টারপাড়া এলাকা থেকে মুরাদ (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত মুরাদের পিতা বজলুর রশিদ। অভিযানের সময় তার কাছ থেকে চুরি হওয়া প্রায় ৪ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মুরাদ একজন কুখ্যাত চোর। তিনি দীর্ঘদিন ধরে একাই বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটিয়ে আসছিলেন। এছাড়া অতীতেও একাধিক স্বর্ণালংকার চুরির ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।