মোঃ সোহানুর রহমান
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বাবুল হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে মোঃ বাবুল হোসেন বলেন, “আমাদের মূল বার্তা একটাই—‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি এখন আমাদের সার্বজনীন উৎসবের রূপ নিয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে পুরো ইউনিয়নজুড়ে সম্প্রীতি ও আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে।”
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দঘন, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বাবুল হোসেন আরও বলেন, “আমাদের আবহমান বাংলার মূল শক্তিই হলো পারস্পরিক সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি। সকল ভেদাভেদ ভুলে সম্প্রীতি ও শান্তির মধ্য দিয়ে আমরা সবাই মিলে এই উৎসব উদযাপন করব। কুসুম্বা ইউনিয়নে সব ধর্মের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন রয়েছে, তা আরও সুদৃঢ় করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মোঃ বাবুল হোসেন বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনে কুসুম্বা ইউনিয়নকে আরও সুন্দর, আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সকল মানুষের জন্য কাজ করতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব।”
তিনি আরও বলেন, “আমি কুসুম্বা ইউনিয়নবাসীর সন্তান হিসেবে আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন চাই। আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিলে আমি আপনাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। এলাকার উন্নয়ন, শান্তি, সম্প্রীতি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
তিনি ইউনিয়নবাসীর উদ্দেশে বলেন, “আপনাদের দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আগামী নির্বাচনে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে কুসুম্বা ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই। আমি আপনাদের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”
পূজাণ্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের ১৪টি পূজামণ্ডপে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।