মোঃ সোহানুর
রহমান
নওগাঁ (মান্দা) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) সদস্যদের ১ম ধাপের ১০
দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা
আনসার ও ভিডিপি কার্যালয়ের
আয়োজনে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে এ প্রশিক্ষণের কার্যক্রম
শুরু হয়। প্রশিক্ষণে পুরুষ ও মহিলা ভিডিপি
সদস্যরা অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা থানার তদন্ত কর্মকর্তা (তদন্ত ওসি) আলিফ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যরা স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। প্রশিক্ষণের মাধ্যমে ভিডিপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরও সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা হবে।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, ভিডিপির পুরুষ ও মহিলা সদস্যদের মৌলিক প্রশিক্ষণ ১৬ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের বিভিন্ন বিষয়ে মৌলিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা প্রদান করা হবে। প্রশিক্ষণে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা, সামাজিক সচেতনতা, দুর্যোগ মোকাবিলা, প্রাথমিক চিকিৎসা, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
প্রশিক্ষণার্থীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের দায়িত্ব পালনে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান স্থানীয় পর্যায়ে মানুষের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক, ভিডিপির সদস্য ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। আগামী দিনগুলোতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
মন্তব্য করুন