মোঃ সোহানুর রহমান
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় পুলিশের পৃথক অভিযানে এক খুচরা মাদক বিক্রেতা ও তিন মাদকসেবীসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ জুন) ধামইরহাট থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১১টা ২০ মিনিটে ধামইরহাট থানার আমাইতারা বাজার এলাকায় অভিযান চালিয়ে খুচরা মাদক বিক্রেতা মোঃ তুহিন (১৯)-কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কনাই গ্রামের মৃত মোশারফ হোসেন ও মৃত পপি দম্পতির ছেলে। আমাইতারা বাজারে একটি মোবাইল সার্ভিসিং দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
অপরদিকে, একই দিন দুপুর ১টা ৫৫ মিনিটে ধামইরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চকযদু গ্রামে পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রঞ্জিত মালি (৩৮), সুভাষ বাসফোড় (৩২) ও রঞ্জিত দাস (৩৭)। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধামইরহাট থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।