বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার স্বামী পালিয়ে গেলেও তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
রবিবার (৭ জুন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার একটি বিশেষ দল।
গ্রেফতারকৃত নারী মোছাঃ ছালেহা আক্তার (৪০)। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে তার স্বামী মোঃ আব্দুস সোবাহানের (৪৫) সহযোগিতায় এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
অভিযানের সময় তাদের চার কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে আব্দুস সোবাহান দ্রুত পালিয়ে যান।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলায় ছালেহা আক্তারকে ১ নম্বর এবং পলাতক আব্দুস সোবাহানকে ২ নম্বর আসামি করা হয়েছে।
বর্তমানে গ্রেফতারকৃত ছালেহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তাদের অভিযান অব্যাহত থাকবে। ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্যের অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধারকৃত ইয়াবার চালানের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এই অভিযানকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে প্রশাসনের কঠোর অভিযানের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ।