মোঃ সোহানুর রহমান
নওগাঁ (মান্দা) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় জমি জমা সংক্রান্ত সীমানা বিরোধের জেরে বসত ভিটার রান্না ঘরের মাটির দেয়াল ভেঙে ফেলা এবং এক গৃহবধূকে মারধরের
অভিযোগ উঠেছে প্রতিবেশী এক দম্পতির বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মোঃ আব্দুল জলিল (৪৯) নামে এক ব্যক্তির প্রায় ৪ কাঠা বসতভিটা জমির সীমানায় থাকা রান্নাঘর নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মোঃ ইউসুফ আলী (৩০) ও তাঁর স্ত্রী মোছাঃ খুশি খাতুনের (২৭) সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন ইউসুফ আলী ও খুশি খাতুন রান্নাঘরটি তাঁদের জায়গায় পড়েছে দাবি করে সেখানে গিয়ে মাটির দেয়াল ভেঙে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, রান্নাঘর ভাঙচুরে বাধা দিতে গেলে আব্দুল জলিলের স্ত্রী মোছাঃ তোহুরা বেগম (৪৫)-এর সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁকে মারধর করা এবং মরিচের গুড়া শরীরে ছিটানো হয়। এতে তিনি আহত হন বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।
তোহুরা বেগমের ছেলে মোঃ আল আমিন বলেন, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা মোছাঃ মেরিনা খাতুন এর উপর ও হামলা করে মোছাঃ খুশি খাতুন । এবং রান্নাঘর ভাঙচুর ও তাঁর মাকে মারধরের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভবিষ্যতে আরও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেও তাঁরা আশঙ্কা করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ রয়েছে। তবে প্রকৃত সীমানা ও জমির মালিকানা সংক্রান্ত বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। এ ধরনের বিরোধের স্থায়ী সমাধানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছে।