প্রিন্ট এর তারিখঃ Jun 12, 2026 ইং
||
প্রকাশের তারিখঃ Jun 11, 2026 ইং
||
প্রতিবেদকঃ স্টাফ রিপোর্টার
শিরোনাম: মান্দায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
মোঃ সোহানুর রহমান
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা দখল করে প্রকাশ্যে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজার সংলগ্ন শিবনদীর তীরে এ নির্মাণকাজকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মদনচক গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে শাপলা আক্তার শিবনদীর পাশের একটি স্থানে বহুতল ভবন নির্মাণ করছেন। এলাকাবাসীর দাবি, ভবনটির একটি অংশ পানি উন্নয়ন বোর্ডের জায়গার ওপর নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জায়গাটি দীর্ঘদিন ধরেই পানি উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত বলে পরিচিত। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তাদের আশঙ্কা, নদীর তীর ঘেঁষে এ ধরনের স্থাপনা নির্মাণ অব্যাহত থাকলে নদীর স্বাভাবিক প্রবাহ ও পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হতে পারে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ভবনের মালিক শাপলা আক্তার। তিনি বলেন, “পানি উন্নয়ন বোর্ডের জায়গা বাদ দিয়েই জমি মাপজোক করে ভবন নির্মাণ করা হচ্ছে। কোনো সরকারি জায়গা দখল করা হয়নি।”
এ বিষয়ে ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, “আমার জানামতে কয়েক দফা জমি মাপজোক করে ভবন নির্মাণের কাজ চলছে। তবে জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের কিনা, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারাই ভালো বলতে পারবেন।”
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ মাহমুদ বলেন, “পানি উন্নয়ন বোর্ডের জায়গায় কোনো স্থাপনা নির্মাণের সুযোগ নেই। যদি কেউ অবৈধভাবে পাউবোর জমিতে স্থাপনা নির্মাণ করে থাকে, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সরকারি সম্পত্তি রক্ষা এবং নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।